যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় হামলার পরিকল্পনা বাতিল করার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অবকাঠামোর ওপর হামলার সিদ্ধান্ত বাতিলের ফলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারেরও বেশি কমে গেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪.০৮ ডলার বা ৪.৬৪ শতাংশ কমে ৮৩.৮৫ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ৪.০১ ডলার বা ৪.৭৪ শতাংশ কমে ৮০.৬৬ ডলারে দাঁড়ায়।
গত মাসে যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করলে এবং ওমান সংলগ্ন এলাকায় ইরানের বাহিনী ট্যাংকারে আক্রমণ চালালে উভয় ধরনের তেলের দাম ২০ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছিল।