পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিস্ফোরণটি একটি শান্তি সমাবেশ চলাকালে ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে, তবে আনুষ্ঠানিক তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
স্থানীয় উপজাতীয় পরিষদ ‘সোয়াত আমান জিরগা’ এই সমাবেশের আয়োজন করেছিল। বিগত কিছু মাস ধরে এলাকাটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছিলেন।
ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।