পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল থানার প্রধান ফটকের সামনে রোববার (২ আগস্ট) এক আত্মঘাতী হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) জানান, হামলার সময় থানায় প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করতে গেলে তিনি শরীরে থাকা বিস্ফোরক বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডিপিও আরো জানান, প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহতদের দ্রুত সাইদু শরীফ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর পুরো জেলায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।
এদিকে, কাবাল চকে হামলার সময় সোয়াত উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে একটি বড় জনসমাবেশ চলছিল। হামলার পেছনের কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।