রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলীয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র আরখিপো-ওসিপোভকার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ঘটে যাওয়া এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলার সময় সৈকতটিতে প্রচুর পর্যটকের ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, সৈকতে আনন্দমুখর পরিবেশে হঠাৎ একটি ড্রোন তীব্র গতিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আতঙ্কে ভরে যায় এবং হুড়োহুড়ি শুরু হয়।
এই ঘটনার পর রাশিয়া কিয়েভকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। মস্কোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ইউক্রেন রণক্ষেত্রে সুবিধা করতে না পেরে সাধারণ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালাচ্ছে।
অন্যদিকে, এই হামলার উত্তেজনার মধ্যে রুশ সশস্ত্র বাহিনী যুদ্ধের ময়দানে অগ্রগতি বজায় রেখে ইউক্রেনের নতুন দুটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে।