চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (মে পর্যন্ত) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আদায় ৩২ হাজার ৮৫৬ কোটি ২২ লাখ টাকা বেশি হয়েছে। গত অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৫ কোটি ৭৮ লাখ টাকা।
এই সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ০২ শতাংশ। এনবিআরের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মে মাস পর্যন্ত আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৮১ হাজার ৪৪২ কোটি টাকা কম।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, কাস্টমস অনুবিভাগে ৭ দশমিক ০৮ শতাংশ, ভ্যাট অনুবিভাগে ১০ দশমিক ০৫ শতাংশ এবং আয়কর অনুবিভাগে ১২ দশমিক ৫৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
জুন ২০২৬-এর প্রথম ২০ দিনে ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, ফলে মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা। এনবিআর আশা করছে, জুন মাসের শেষ ১০ দিনে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হলে সর্বোচ্চ ৪ লাখ ১৫ হাজার কোটি টাকার রেকর্ড গড়া যাবে।
রাজস্ব আদায়ের গতি বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সগুলো দ্রুত কর আদায় নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
এনবিআর জানিয়েছে, দেশের প্রয়োজনীয় রাজস্ব আহরণে তাদের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।