সরকার ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে। বিকল্প অর্থায়ন নিয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বাজেট সংলাপে তিনি বলেন, যে কোনো সরকার দায়িত্বে আসলে সামাজিক সুরক্ষা কার্যক্রম রাজনৈতিক লোকজন দিয়ে পরিচালনা করতে চায়। নতুন সরকার ফ্যামিলি কার্ডের জন্য সে পথে হাটেনি, বরং সরাসরি সুবিধাভোগীদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
অর্থমন্ত্রী বর্তমান বাজেটকে পারফেক্ট না উল্লেখ করে বলেন, সরকার বাজেটের নানা দিক এখনও খতিয়ে দেখছে। তিনি জানান, কর ও জিডিপির অনুপাত সন্তোষজনক নয় এবং এই পরিস্থিতিতে বাজেট ঘোষণা করতে হয়েছে।
তিনি বলেন, আগের সরকার ৫০ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিল রেখে গেছে এবং মধ্যপ্রাচ্যে সংকটের কারণে ব্যয় বেড়েছে। ফলে দেশের অর্থনৈতিক কাঠামো নতুনভাবে দেখতে হচ্ছে।
এনবিআরের পলিসি বিভাগে কর বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এনবিআরকে সচল করতে হবে এবং ট্যাক্স না দেওয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে।
স্বাস্থ্য ও শিক্ষাখাতে বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ বছর মোট বাজেটের ২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ করা হয়েছে, যা তার মতে কম নয়, তবে ৫ শতাংশে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।