মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর উদ্বোধনে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধন করবেন জুলাই স্মৃতি জাদুঘর। প্রবেশমূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল বুধবার, ৫ আগস্ট, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

এখনো স্থায়ী জনবল নিয়োগ না হওয়ায় সংস্কৃতি মন্ত্রণালয় আউটসোর্সিংয়ের মাধ্যমে জাদুঘর পরিচালনার উদ্যোগ নিয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গণভবনের ক্ষমতা অবসানের ইতিহাসের সাক্ষী এই জাদুঘর।

জাদুঘরের প্রবেশমুখে দর্শনার্থীদের জন্য জুলাই খচিত নকশা ও কারুকার্য চোখে পড়বে। আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিকশার ওপর দাঁড়িয়ে শিক্ষার্থীদের স্যালুট জানানো রিকশাচালক মো. সুজন খানের প্রতিকৃতি সেখানে স্থাপন করা হয়েছে।

জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত আছে জুলাই গণ-অভ্যুত্থানের দুর্লভ আলোকচিত্র, গ্রাফিতি, ভিডিওচিত্র, দলিল-দস্তাবেজ এবং শহীদদের ব্যবহৃত পোশাক। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, ‘উদ্বোধনের সামগ্রিক প্রস্তুতি আমাদের আছে। জুলাই জাদুঘর পরিদর্শন করলে সবাই বুঝবে যে ফ্যাসিবাদি সরকারের হামলাটা কীরকম ছিল।’

জাদুঘরটিকে শুধু স্মৃতিচারণের স্থান নয়, বরং গবেষণা ও শিক্ষার কেন্দ্র হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি আরও জানান, ‘অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, যা সেখানে সংরক্ষণ করা হয়েছে।’

তবে উদ্বোধনের আগেই জনবল সংকটের বিষয়টি সামনে এসেছে। জাদুঘরের ৯৬টি পদে জনবল নিয়োগ সম্পন্ন হয়নি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন