‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল ৫ আগস্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় এ জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ করার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।
জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ সম্পর্কে নিতাই রায় বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
তথ্য উপদেষ্টা জানান, অনলাইনে টিকিট কেটে প্রতিদিন সীমিত সংখ্যক দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করতে পারবেন। বড়দের জন্য টিকিট মূল্য ৫০ টাকা এবং ছোটদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হবে।