গণতন্ত্র টিকে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং স্বৈরাচারের পুনরাবৃত্তি হলে দেশ আবার পিছিয়ে পড়বে—এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুল সালাম।
তিনি বলেন, দেশের আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। রবিবার (২ আগস্ট) সকালে প্রেসক্লাবে ফটো এক্সিবিশনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রশাসক উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর মানুষ নানা সাংবিধানিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তিনি বলেন, একটি নির্বাচিত সরকারই জনগণের অধিকার নিশ্চিত করতে পারে।
এসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে তিনি সতর্ক করেন যে, সেই সমালোচনার মাধ্যমে অতীতের ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়া উচিত নয়।
তিনি আরও জানান, রাষ্ট্র পুনর্গঠন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া এবং আন্দোলনে অংশ নেওয়া সবার অবদানের যথাযথ মূল্যায়নে সরকার কাজ করছে।