স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। বরং পুলিশ হবে জনগণের রক্ষক ও ত্রাতা।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবামুখী ও মানবিক সংস্থায় রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর মনোবল পুনঃপ্রতিষ্ঠা এবং একটি দক্ষ ও আধুনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধিসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে পুরস্কার ও তিরস্কারের নীতি চালু করা অন্যতম।
তিনি আরো জানান, সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে এবং শৃঙ্খলাভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা অগ্রগণ্য।
রাজশাহীর সারদায় ২৭তম ব্যাচের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সংক্ষিপ্ত করে ছয় মাসে সম্পন্ন করা হয়েছে। ৫৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বিভিন্ন জেলায় বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য সংযুক্ত করা হয়েছে। আগামী দুই বছরে দুই ধাপে প্রশিক্ষণের অবশিষ্ট ছয় মাস সম্পন্ন হবে।