গুজরাতের সুরাটের একটি তথ্য অধিকার (আরটিআই) কর্মী অভিজিৎ দীপকের বাবার আর্থিক লেনদেন ও সম্পত্তির উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে স্নাতক করেছেন।
অমিত তিওয়ারি নামের ওই অধিকার কর্মী অভিযোগ করেছেন, ভগবানরাও দীপক মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের (এমআইডিসি) জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন এবং তার মাসিক বেতন ছিল প্রায় ৬০ থেকে ৬৫ হাজার রুপি। তবে, এ আয়ে কীভাবে অভিজিতের বিদেশে পড়াশোনার বিশাল খরচ বহন করা সম্ভব হয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
অভিজিত দীপক ৬ জুন ভারতে ফিরে এসে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। তিওয়ারি বলেন, "যদি তদন্তে আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্য পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।"
তিনি আরও জানান, ককরোচ জনতা পার্টির রাজনৈতিক বৈধতা ও তহবিল সংগ্রহ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তিওয়ারি দাবি করেন, "ককরোচ জনতা পার্টি একটি অনিবন্ধিত সংস্থা হওয়া সত্ত্বেও রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কার্যকলাপ চালাচ্ছে।"
১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৯ ধারায় দলটির নিবন্ধিত অবস্থান যাচাই করা উচিত বলে উল্লেখ করেন তিনি। তিওয়ারি বলেন, "নিবন্ধিত না হয়ে রাজনৈতিক দলের পরিচয়ে তহবিল সংগ্রহ আইনসম্মত কি না, তা নিয়েও তদন্ত হওয়া উচিত।"