বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকবে, তবে এর ফলে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, 'পারস্পরিক নির্ভরশীলতাই হচ্ছে দীর্ঘমেয়াদি সমাধান।' তিনি উল্লেখ করেন, উন্নয়নের জন্য ভারত যেমন বাংলাদেশের ওপর নির্ভরশীল, তেমনি বাংলাদেশও ভারতের প্রতি নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরতার সম্পর্কটি একটি পরিবারের মতো।
তিনি আরও বলেন, 'আমরা এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। সাধারণ মানুষ শান্তি, চাকরি, শিক্ষা ও স্বাস্থ্য চায়। এসব সম্ভব হতে পারে বাণিজ্যের মাধ্যমে।' দুই দেশের তরুণ প্রজন্মের প্রত্যাশা বুঝতে হবে এবং পারস্পরিক নির্ভরতা স্থায়ী সমাধান হিসেবে কাজ করতে পারে।