জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদুৎ জ্বালানি সরবরাহে বর্তমান সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
আজ সোমবার রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, "জ্বালানিমন্ত্রী জ্বালানি সংকটের দাবি নাকচ করলেও সরকার বিরোধীদল নিয়ে জ্বালানি বিষয়ক কমিটি গঠন করেছিল। সেখানে বিরোধীদলের মতামত গুরুত্ব পায়নি।"
নাহিদ ইসলাম আরও বলেন, "গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং উৎপাদনের হার কমে গেছে।" তিনি বিদ্যুতের দাম বৃদ্ধি না করার সরকারের প্রতিশ্রুতির প্রতি ইঙ্গিত করে বলেন, "এখন ভূতুড়ে বিদ্যুৎ বিল তৈরি হচ্ছে এবং দেশে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং হচ্ছে।"
এই নেতা অভিযোগ করেন, "বিএনপি নিজেদের দায় এড়িয়ে অন্তবর্তীকালীন ও ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপিয়ে দেয়। মেগা প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়েছে, যা সরকারের প্রতিশ্রুতির পরিপন্থী।"
তিনি স্বাস্থ্য খাতে সরকারের সংস্কারের অভাব এবং হাম মহামারিতে পর্যাপ্ত স্বাস্থ্য সেবার ব্যবস্থা না করতে পারার কথাও উল্লেখ করেন। শিক্ষাঙ্গণে অস্থিরতা বৃদ্ধি পাওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন, যেখানে বিরোধীদলের শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন।