ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সমাবেশের ঘটনা আলোচনায় এসেছে। রবিবার সন্ধ্যায় ফেসবুকে তাদের এই কর্মসূচির ছবি ও ভিডিও পোস্ট করা হয়।
জেলা শহরের তিতাস নদী পথে নৌকায় করে শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী সমবেত হন। এ সময় তাদের সঙ্গে যোগ দেন নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, যিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
নদীপাড়ের একটি স্থানে ১৫ আগস্টের ব্যানার টানিয়ে তারা সমাবেশ করেন। ভিডিওতে দেখা যায়, শোভন বক্তৃতা দিচ্ছেন এবং আওয়ামী লীগের সভাপতির আগমন নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
সন্ধ্যায় প্রবাসী আকাশ আহমেদ নামে এক ছাত্রলীগ কর্মী শোভনের দুটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিতাস নদের মাঝখানে তরুণদের সমাবেশ দেখতে পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, 'ভিডিওটি আমাদের চোখে পড়েছে। তবে কখন এবং কোথায় এটি হয়েছে শনাক্ত করা যাচ্ছে না।'