গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ হত্যা মামলায় আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। রোববার (২ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপক্ষের শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ৭ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ১১ জনকে খালাস দেওয়া হয়।
২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে সন্ত্রাসীরা আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।