চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত আজ শনিবার থেকে কার্যকর হয়েছে, যার ফলে অন্তত সাড়ে ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক চাকরি হারিয়েছেন।
কর্তৃপক্ষের পক্ষ থেকে কারখানাগুলোতে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রিফাইন্ড সুগার, সিমেন্ট, অয়েল, স্টিল, কোল্ড রোল্ড স্টিলস, চেমন ইস্পাত, ব্যাগ, পাওয়ার প্ল্যান্ট ও পশুখাদ্য উৎপাদনকারী কারখানা।
তবে বাঁশখালীর এস এস পাওয়ার প্ল্যান্ট চালু থাকবে। প্রতিষ্ঠান সূত্র জানায়, ব্যাংক হিসাব জব্দ থাকায় এবং নতুন করে এলসি খুলতে না পারায় কাঁচামাল আমদানি সম্ভব হয়নি, ফলে উৎপাদন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
দুই বছর আগে এসব কারখানায় প্রায় আট হাজার কর্মী ছিল। ধাপে ধাপে জনবল কমানোর পর সবশেষে কর্মরত প্রায় সাড়ে চার হাজার কর্মীকেও ছাঁটাই করা হয়েছে।