পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষের দিকে বাস্তবায়নের জন্য প্রস্তুত হচ্ছে।
আজ তিনি বলেন, "আমাদের কারিগরি কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কীভাবে দ্রুততার সঙ্গে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে।"
তিনি শনিবার (১ আগস্ট) নীলফামারীর বুড়িতিস্তা পুনঃখনন প্রকল্প এবং তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, "দীর্ঘদিন ধরে আটকে থাকা বুড়িতিস্তা পুনঃখনন প্রকল্পের সমাধানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে আলোচনা করা হবে।"
এছাড়া, রাজনৈতিক জটিলতার কারণে এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের বিষয়েও আশ্বাস দেন তিনি।
মন্ত্রী পরিদর্শনকালে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকায় তিস্তা নদীর ভাঙন কবলিত স্থানগুলোও দেখেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ভাঙনরোধে জিওব্যাগ ফেলার নির্দেশনা দেন।