জামালপুরের মেলান্দহ উপজেলায় হালিমা (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত ৮টায় মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হালিমা বেগমের মৃত্যু হলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়।
একপর্যায়ে দাবি করা হয় যে, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর জিনের আসর হয়েছে এবং তাদের মাধ্যমে জানানো হয়েছে যে, হালিমা জীবিত আছেন। এ কারণে মরদেহ কবর থেকে উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
রাত ৮টায় কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়। প্রথমে তাকে মেলান্দহে নেওয়া হয় এবং পরে রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর ইসিজিসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার পর চিকিৎসকরা হালিমাকে মৃত বলে নিশ্চিত করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি পুনরায় বাড়িতে নিয়ে যান।
এই ঘটনায় পরিবারের সদস্যরা এবং চিকিৎসকেরা কোনো মন্তব্য করেননি। এলাকায় এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।