শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তি

প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মার্শাল আর্টের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, এ কারণে সরকার প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া কার্যক্রমকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিজয় সরণির র‍্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল শেখায় না, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা অর্জনে সহায়ক।

তিনি বলেন, একজন শিক্ষার্থী যখন আত্মবিশ্বাসী হয়, তখন সে সহিংসতা ও সংঘাত থেকে দূরে থাকে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়। তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মার্শাল আর্টের প্রসার অপরিহার্য।

এ লক্ষ্যে প্রতিমন্ত্রী কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

ববি হাজ্জাজ তার কারাতে চর্চার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়। তিনি বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা দেখে তিন দশকের পুরনো স্মৃতিগুলো আবারও ফিরে পেয়েছেন।

তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং আত্মরক্ষার সক্ষমতা গড়ে তুলতে মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানের শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন