ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি এলাকায় হাতির ধাক্কায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী শিশু আরিশা জান্নাত নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি পার্শ্ববর্তী ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার কন্যা। দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মা তার শিশুকে ডাক্তার দেখানোর জন্য সদরপুর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় হাতির মাহুত বকুল মিয়া বিপরীত দিক থেকে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিলেন। হাতির সামনে আসতেই হাতিটি উঁচু হয়ে যায় এবং ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায় এবং মায়ের কোলে থাকা শিশুটি গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, হাতির মাহুতকে আটক করা হয়েছে এবং হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। নিহতের পরিবার এখনও লিখিত অভিযোগ দায়ের করেনি।