ফরিদপুরের সদরপুরে হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী আরিশা জান্নাত নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে উপজেলার আটরশি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে। জানা গেছে, তার মা শিশুটিকে ডাক্তার দেখানোর জন্য ব্যাটারিচালিত ইজিবাইকে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।
এসময় মাহুত বকুল মিয়া হাতি নিয়ে বিভিন্ন দোকানে চাঁদা তুলছিলেন। হাতিটি শুঁড় দিয়ে টাকা নেওয়ার জন্য ইজিবাইকের সামনে আঘাত করলে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি সড়কের উপর উল্টে যায়।
এই ঘটনার ফলে ইজিবাইকে থাকা শিশু আরিশা চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। অন্য আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, হাতির মাহুতকে আটক করা হয়েছে এবং হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।