মেহেরপুরের গাংনী উপজেলায় চাচার ধারালো অস্ত্রের কোপে ২২ বছর বয়সী ভাতিজা নাহিদ হোসেন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তেঁতুলবাড়ীয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাহিদ হোসেন তেঁতুলবাড়ীয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে এবং পেশায় সাইকেল ম্যাকানিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদের সঙ্গে চাচা লালন হোসেনের মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা হয়।
বাক-বিতণ্ডার জেরে গতকাল সন্ধ্যায় ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে লালন হোসেন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে নাহিদকে কুপিয়ে গুরুতর জখম করেন। নাহিদকে রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে নাহিদ হোসেন মারা যান। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামে আনা হবে। হামলাকারী লালনকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে নেমেছে।