চট্টগ্রামের বায়েজীদ থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে ১,৩২০টি গুলির খোসা। সিটি কর্পোরেশনের কর্মীরা গত শনিবার সকালে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় এগুলো দেখতে পান, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলির খোসাগুলো সামরিক বাহিনীর ভারী অস্ত্রের ব্যবহৃত। তবে এগুলো তাজা গুলি নয় এবং ব্যবহারের উপযোগী নয়। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল আহমেদ বলেন, ‘এগুলো ফায়ারিং প্রাকটিসের খোসা। টোকাই বা অন্য কেউ এগুলো সংগ্রহ করে বিক্রি করার চেষ্টা করেছিল।'
এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলির খোসা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর মজুত করা নয়। বরং সেগুলো সামরিক বাহিনীর ব্যবহারের পর ফেলে দেওয়া খোসা।
বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘ফায়ারিং রেঞ্জ থেকে লোকজন হয়তো এগুলো সংগ্রহ করেছে। তবে আশেপাশে কোনো রেঞ্জ নেই।' এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।