ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার পদত্যাগ করেছেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। ২০১৮ সালে এম জে আকবরের পর এটি প্রথমবারের মতো কোনো কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর পদত্যাগ ঘটল।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে চলমান আন্দোলনের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। গত মাস থেকে দিল্লির যন্তর মন্তরে এই আন্দোলন চলছে, যেখানে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছিলেন।
সরকার আন্দোলনকারীদের অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে, যার মধ্যে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি উল্লেখযোগ্য।
পদত্যাগের পর ধর্মেন্দ্র প্রধান বলেন, তিনি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সম্পূর্ণ দায় নিচ্ছেন এবং কখনোই পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেননি। তিনি অভিযোগ করেন, কিছু দায়িত্বশীল ব্যক্তি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।
পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেন, “যন্তর মন্তর এবং সারা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায়, রাষ্ট্রবিরোধী শক্তিগুলো যেন এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে।”
বিরোধী নেতারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের ‘অহংকারী’ আচরণের সমালোচনা করে আসছেন। তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে মন্ত্রীরা সাধারণত পদত্যাগ করেন না।