রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি, আন্দোলনে যোগ দিতে পারলেন না

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আন্দোলনে যোগ দিতে পারলেন না শাবানা আজমি।

সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি, আন্দোলনে যোগ দিতে পারলেন না

ভারতে নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে। দিল্লির যন্তর-মন্ত্রে এই আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তবে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার কারণে তিনি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে পারেননি।

শাবানা আজমির টিমের পাঠানো বিবৃতিতে জানানো হয়, গত শুক্রবার মুম্বাইয়ের শিবাজি পার্কে আরেকটি বিক্ষোভে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে তিনি ১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

অভিনেত্রী বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় থেকে সুস্থ হওয়ার চেষ্টা করছেন। গত কয়েক দিন ধরে দিল্লির যন্তর-মন্ত্রে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী।

শাবানা আজমি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। ২০ জুলাই ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অংশ নেন তিনি। আন্দোলনকারীরা বিভিন্ন পরীক্ষায় অনিয়ম, বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিচার ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

এর আগে, ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাবানা জানান, আন্দোলনের সময় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের কারণে তিনি অ্যাজমার আক্রমণের শিকার হন। তিনি বলেন, "আমি অ্যাজমার রোগী। টিয়ার গ্যাসের কারণে আমার অ্যাজমার অ্যাটাক হয়েছিল।"

শনিবার তৃতীয় দফায় সরকারের সাথে বৈঠকে বসবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে কোন আপস হবে না। দিল্লির ১৮টি মেট্রো স্টেশন জনস্রোত বন্ধে শনিবারও বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন