দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্তে ভারত থেকে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে ৮ জন নারী এবং একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি খিয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবি এবং স্থানীয় জনগণের সতর্কতার কারণে তাদের এই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। বিজিবি এই ঘটনাকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে।
এই ঘটনার ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।