লন্ডনে অনুষ্ঠিত ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সাংবাদিকতা, আইনসহ বিভিন্ন পেশায় সফল বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। এই আয়োজনটি পরিচালনা করেছে ব্রিটেনের অ্যামব্রোসিয়ানস ইভেন্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড।
অনুষ্ঠানে নিউহাম কাউন্সিলের নির্বাহী মেয়র ফরহাদ হোসেন, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদসহ আরও অনেককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম।
লন্ডনের রয়্যাল রিজেন্সি হলরুমে আয়োজিত এই উৎসবে ওয়ারফেজ, জেফার, মুজা সহ বিভিন্ন শিল্পির পরিবেশনায় পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে অধ্যাপক নাজিম উদ্দিন, ব্যারিস্টার লুৎফর রহমান, ব্যবসায়ী মোহাম্মদ সফিউল্লাহ এবং উদ্যোক্তা হিসেবে ফ্রেশ কৃষি লিমিটেডের তিন প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, আবদুল রাজ্জাক ও ইমদাদুল বাশার উল্লেখযোগ্য।
সম্মাননা তুলে দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম, বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট রফিক হায়দার, ব্রিটিশ-বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ খসরুজ্জামান খুসরু, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, আইওএন টিভির সিইও আতাউল্লাহ ফারুক এবং ডেপুটি মেয়র সায়েদা চৌধূরী।