ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। এই উৎসবের আয়োজন করছে আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।
সেনসেশনের সৌজন্যে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত এই উৎসব রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে হবে। হবু দম্পতি, পরিবার এবং বিয়ে আয়োজনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি বিশেষ প্ল্যাটফর্ম হবে।
উৎসবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বিশেষ ওয়েডিং প্যাকেজের পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের অফার, বিয়ের নতুন ট্রেন্ড ও সেবা সম্পর্কে জানার সুযোগ থাকবে। উপস্থিত থাকবে বিয়ের সাজসজ্জা, ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গহনা, হানিমুন পরিকল্পনা, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, বিউটি ও গ্রুমিং সেবা, ব্যাংকিং সুবিধা, ইন্টেরিয়র ডিজাইন, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিকস এবং বিলাসবহুল গাড়ির প্রদর্শনী।
দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ড যেমন সারাহ করিম কুত্যুর, জুরহেম, ফিয়েরো, আমিশে, ফার্স্টট্রিপ, ড্রিম উইভার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, বার্জার পেইন্টস বাংলাদেশ, সনি-স্মার্ট, অ্যান্ড্রোমিডা, আওয়ারগ্লাস এম্পোরিয়াম, সেভ দ্য ডেট, হারলান নিউইয়র্ক, সুন্দোরা ও মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ এই উৎসবে অংশ নিচ্ছে।
উৎসবে বিয়ে-পূর্ব দাম্পত্য জীবন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনা মূল্যে পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে। দর্শনার্থীদের জন্য থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের ফ্যাশন শো, জালেও-এর কাওয়ালি পরিবেশনা এবং র্যাফেল ড্র।
র্যাফেল ড্রয়ের বিজয়ীদের জন্য ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিটসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। উৎসব উপলক্ষে ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে বিশেষ ওয়েডিং-থিমড ডিনার আয়োজন করা হবে। অতিথিরা বিয়ের ভোজের জনপ্রিয় খাবার যেমন খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট ও বিভিন্ন ধরনের কাবাব উপভোগ করতে পারবেন।
গতকাল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) অলিভিয়ের ক্লদ লোরো, এমটিবি পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেনসহ আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রবেশের জন্য কোনো মূল্য লাগবে না। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে দুই দিনের এই আয়োজন। আয়োজকদের আশা, বিয়ের নতুন ধারণা ও আধুনিক আয়োজনের মাধ্যমে দেশের ওয়েডিং ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করবে এই উৎসব।