অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যায় এবং পাহাড় ধসে ৭ জেলায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩৯ জন। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ৬ লাখ ৯ হাজার ৪১১ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।
মৃতদের মধ্যে ৩১ জন কক্সবাজারে, ১৩ জন চট্টগ্রামে, ৬ জন বান্দরবানে, ৩ জন রাঙামাটিতে এবং ১ জন মৌলভীবাজারে মারা গেছেন।
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারিভাবে ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৩৮ হাজার ৪২২ জন ইতোমধ্যে আশ্রয় নিয়েছেন।