ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি থাকার কারণে বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে।
আজ শনিবার এক ফেসবুক পোস্টে দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। পোস্টে উল্লেখ করা হয়, "যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন।"
এতে আরও বলা হয়, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়। এই সিদ্ধান্তের মূল কারণ হলো, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি।
দূতাবাস জানায়, স্থগিতাদেশের ফলে যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় পাওয়া যাবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।
এছাড়া, উল্লেখ করা হয় যে, এই স্থগিতাদেশ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে পর্যটক বা শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত।
গত ২১ জানুয়ারি বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্র। পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত অনির্দিষ্টকাল ধরে চলবে।
স্থগিতাদেশের আওতাভুক্ত দেশগুলো মধ্যে রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, সিরিয়া, এবং আরও অনেক দেশ।