টানা ভারী বর্ষণের ফলে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বিভিন্ন এলাকা জলাবদ্ধতার কবলে পড়েছে। এ কারণে বন্দরের গুদাম ও শেডে রাখা কোটি টাকার আমদানি পণ্য পানিতে তলিয়ে যাচ্ছে।
দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বন্দরের আধুনিক শেড, ইয়ার্ড ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রায়ই আমদানি করা পণ্য পানিতে তলিয়ে যায়, যার ফলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তবে এ ধরনের ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণও পান না তারা।
বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি শেডে বিভিন্ন ধরনের আমদানি পণ্য হাঁটুপানিতে তলিয়ে গেছে। খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত গুদামগুলো পরিদর্শন করেছেন।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক কাজী রতন জানান, টানা বৃষ্টির কারণে কয়েকটি শেডে রাখা পণ্য পানিতে ভিজেছে। পাওয়ার পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে, তবে অব্যাহত বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন যে, বৃষ্টি থামলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। ভবিষ্যতে এ ধরনের জলাবদ্ধতা এড়াতে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ।