রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিনামূল্যে পানি পান করানোর জন্য চটপটি বিক্রেতা মুন্নু শেখকে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন তার কার্যালয়ে মুন্নু শেখের হাতে আর্থিক সহায়তা ও সম্মাননা তুলে দেন।
মুন্নু শেখের মানবিক উদ্যোগ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে কালুখালী উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুন্নু শেখের নিঃস্বার্থ মানবসেবায় মুগ্ধ হয়ে এ সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মুন্নু শেখ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম রতনদিয়া গ্রামের মোবারক শেখের ছেলে। তিনি প্রতিদিন দুপুরে ঢাকা থেকে আসা খুলনাগামী 'নকশিকাঁথা' মেইল ট্রেনের আগমনকালে প্ল্যাটফর্মে হাজির হন। ট্রেন থামার সাথে সাথে তিনি যাত্রীদের হাতে ঠান্ডা পানির বোতল তুলে দেন, বিনিময়ে চান শুধু দোয়া ও ভালোবাসা।
২০১৮ সালে মুন্নু শেখের ১০ বছর বয়সী ছেলে সবুজ শেখের ব্লাড ক্যানসার ধরা পড়ে। তখন ছেলেকে চিকিৎসা করতে নিয়মিত এই ট্রেনে করে খুলনা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত করতেন। দীর্ঘ লড়াই শেষে ২০২০ সালে ক্যান্সারের কাছে হার মানে সবুজ। সন্তানের মৃত্যুতে মুন্নু শেখ ভেঙে পড়লেও তিনি প্রতিজ্ঞা করেন, যতদিন বাঁচবেন, 'নকশিকাঁথা' মেইল ট্রেনের কোনো তৃষ্ণার্ত যাত্রীকে পানির কষ্ট পেতে দেবেন না।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, মুন্নু শেখের মতো মানুষ সমাজের জন্য অনুকরণীয়। তিনি মানবিক দায়িত্ববোধ থেকে দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে যাচ্ছেন। তাঁর এই মহৎ উদ্যোগকে সম্মান জানাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি মুন্নু শেখের পাশে দাঁড়ান, তাহলে তিনি আরও ভালোভাবে এই মানবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।