ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন একটি জোড়া কমিউটার ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ‘অভিযাত্রী কমিউটার’ নামে পরিচিত এই ট্রেন দুটি আগামী আগস্ট মাসে চালু হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে যাত্রা শুরুর নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ রেলওয়ের একটি দাফতরিক চিঠিতে জানানো হয়েছে, ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন চালুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংশ্লিষ্ট স্টেশনগুলোকে ট্রেনটির ভাড়া আদায়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালে নির্ধারিত কিলোমিটারভিত্তিক ভাড়ার তালিকাই এই ট্রেনে কার্যকর থাকবে। অর্থাৎ নতুন করে কোনো ভাড়া বৃদ্ধি বা কমানো হচ্ছে না। যাত্রীরা আগের নির্ধারিত ভাড়াতেই ভ্রমণ করতে পারবেন।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, ট্রেন দুটি আগস্ট মাসে চালুর পরিকল্পনা রয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে, যাত্রীভাড়া কিলোমিটারভিত্তিক আগের হারেই থাকবে এবং এতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।