স্বাস্থ্যসেবাকে বিশেষ সুবিধা নয় বরং মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক কর্মশালায় এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের জনগণ চিকিৎসা ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে দিতে বাধ্য হচ্ছে, যা সাধারণ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। তিনি সবার জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবারের বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে প্রণোদনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।