মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচদিন সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ ছয়টি বিভাগের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের কারণে এই ভারী বৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দুই দিন ধরে ভারী বৃষ্টির ফলে মানুষ দুর্ভোগে পড়েছে। পাহাড়ধসে হতাহতের ঘটনাও ঘটেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো: ওমর ফারুক বলেন, "কক্সবাজারে পাহাড়ধসের ঘটনা ঘটেছে এবং আগামী ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এ ধরনের পাহাড়ধসের ঘটনা আরও ঘটার আশঙ্কা রয়েছে।"
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টির কারণে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। বন্য পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, "বর্ষাকালের অন্যতম পিক সময় পার করছি। জুলাই-আগস্ট মাসে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে।"
তিনি আরও বলেন, "দীর্ঘমেয়াদি বন্যার আশঙ্কা নেই, তবে উত্তর-দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। পরবর্তী বৃষ্টিপাত কম হলে পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।"
সংশ্লিষ্টরা জানান, এ বছর বৃষ্টি বেশি হলেও বড় ধরনের বন্যার শঙ্কা নেই।