২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ দুই তারকা ফরোয়ার্ড, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র এবং নরওয়ের আর্লিং হালান্ড। ব্রাজিল, বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হলেও নরওয়ের বিপক্ষে সুখকর ইতিহাস নেই। দুই দলের চার দেখায় সেলেসাওরা একবারও জিততে পারেনি; দুই ম্যাচে হেরেছে এবং দুটি ড্র হয়েছে।
কার্লো আনচেলত্তির দল পঞ্চম দেখায় অস্বস্তিকর রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে এবং মরক্কোর সঙ্গে ড্র করে গ্রুপসেরা হয়েছে ব্রাজিল। রাউন্ড অব থার্টি টুতে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় পায় তারা।
অন্যদিকে, নরওয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পায়। নরওয়ের সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড, যিনি অভিষেক বিশ্বকাপে ইতোমধ্যে পাঁচ গোল করেছেন।
ব্রাজিলের আক্রমণভাগের প্রধান অস্ত্র ভিনিসিউস জুনিয়র। এবারের বিশ্বকাপে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০০২ সালের রোনালদো ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে টানা তিনটি গ্রুপ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন ভিনিসিউস।
নরওয়ের কোচ স্তালে সলবাক্কেন জানান, "ব্রাজিল অবশ্যই ফেভারিট। কিন্তু আমরা জিততেই মাঠে নামব। কাজটি কঠিন, তবে অসম্ভব নয়।" পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার ব্রাজিলকে এগিয়ে রাখছে। তাদের হিসাব অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ, নরওয়ের ২২.৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।
এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের।
দুই দলের সম্ভাব্য একাদশ:
ব্রাজিল (৪-৩-৩): অ্যালিসন; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, সান্তোস; গিমারায়েস, ক্যাসেমিরো, মার্তিনেল্লি; রায়ান, কুনহা এবং ভিনিসিউস জুনিয়র।
নরওয়ে (৪-৩-৩): নিয়াল্যান্ড; পেডারসেন, আজের, হেগেম, মোলার উলফে; ওডেগার্ড, বের্গে, বার্গ; সোরলথ, হালান্ড এবং নুসা।