বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নিউ ইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের আগে আলোচনা হচ্ছে দুই দলের তারকা আর্লিং হলান্ড ও নেইমার জুনিয়রের দ্বৈরথ নিয়ে। তবে নেইমারের বদলে ভিনিসিয়ুস জুনিয়রের নাম উঠে এসেছে আলোচনায়।
নেইমার জাতীয় দলে ফিরলেও তিনি ফিটনেস সমস্যায় ভুগছেন। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরে, কিন্তু বিশ্বকাপে তিনি চোট নিয়ে গেছেন। গ্রুপপর্বে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ১৪ মিনিটের জন্য মাঠে নামেন।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট আছেন। তবে তিনি নিশ্চিত করেননি, আজকের ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন। আনচেলত্তি বলেন, ‘ও (নেইমার) ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত।’
তিনি আরও যোগ করেন, ‘কিন্তু কতক্ষণ খেলবে, সেটা কেউ জানে না। ওর অভিজ্ঞতা আছে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার। যখন আমার মনে হবে, দলের ওকে দরকার, তখন ওকে মাঠে নামাব।’
নেইমারকে বেঞ্চে বসিয়ে রাখার চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন আনচেলত্তি। তিনি জানান, নেইমার খুশি নন, তবে খুব ভালো আচরণ করছেন। ব্রাজিল কোচ বলেন, ‘ও খুব ভালোভাবে অনুশীলন করছে। নেইমার অত্যন্ত সম্মানশীল এবং সতীর্থদের কাছে প্রিয়।’
নেইমার কি প্রথম একাদশে খেলতে চান, এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘ও সরাসরি বলে না যে “আমি খেলতে চাই।” কিন্তু ওর খেলার ইচ্ছেটা স্পষ্ট। এটা ইতিবাচক।’