জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই সেটা খুলে দিবে। আজ বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম এ সময় জানান, জুলাই উপলক্ষে ৩৬ দিনব্যাপী সারা দেশে এনসিপির কার্যক্রম চলবে। তিনি বলেন, "জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। জুলাইয়ে আহত ও নিহতরা এখনো ন্যায়বিচার পায়নি।"
তিনি অভিযোগ করেন, "এই সরকার আসার পর মাত্র দুইটি মামলার রায় পেয়েছি। বিচারকাজে ধীরগতি দেখা যাচ্ছে।" তিনি কবরস্থানগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন এবং বলেন, "নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না।"
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর রায়ের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, "ইনুকে ১০ বছরের সাজা দেওয়া যথেষ্ট নয়। আশা করি আপিল করা হবে।" তিনি সরকারের কাছে দাবি জানান যেন দ্রুত বিচার সম্পন্ন হয় এবং শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
নাহিদ ইসলাম আরো বলেন, "জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। জুলাই জাদুঘর খুলে দিতে হবে। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে।"