জুলাই স্মৃতি জাদুঘরে বিএনপির দলীয় বয়ানই বেশি প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে জাদুঘর পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, যথেষ্ট জনবল নিয়োগ না দিয়েই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে আবু সাঈদসহ শহিদদের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরের আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা জাদুঘরে যথেষ্ট গুরুত্ব পায়নি।’
এছাড়া, নাহিদ ইসলাম সরকারের আপসকামী মনোভাবের কারণে দিল্লিতে বসে স্বৈরাচার হুংকার দিচ্ছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ বললেও বিএনপি ভারতকে ভয় পাচ্ছে।’
জাদুঘর পরিদর্শনের সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা। তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন।
এর আগে গত ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাদুঘরটি পরদিন বৃহস্পতিবার সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।