ঢাকা সেনানিবাসে ডিজিএফআই পরিচালিত বন্দিশালা বা আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি। আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে তারা এই পরিদর্শন শুরু করেন।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে এই পরিদর্শন দলে চিফ প্রসিকিউটর এবং আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
এর আগে, গত শনিবার উত্তরায় র্যাব পরিচালিত বন্দিশালা বা গুমঘর পরিদর্শন করেন তারা। প্রসিকিউশন সূত্রে জানা যায়, র্যাব এবং ডিজিএফআই পরিচালিত বন্দিশালায় গুম করে রাখার অভিযোগে দুটি মামলা বর্তমানে বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে।
এই বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে বিচারপতিরা এসব বন্দিশালা পরিদর্শন করছেন। জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে ২৬ জনকে বন্দি রাখার অভিযোগে শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ মোট ১৩ জন আসামি রয়েছেন।
এদের মধ্যে ডিজিএফআই-এর সাবেক পাঁচ মহাপরিচালকসহ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের সংখ্যা ১০ জন। তাদের মধ্যে এক মেজর জেনারেল ও দুই ব্রিগেডিয়ার জেনারেল গ্রেফতার রয়েছেন।
এই মামলায় গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আল আজমী, হাসিনুর রহমান, মারুফ জামানসহ আরও অনেকেই ইতোমধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।