ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব বলেছেন, ইসরায়েলকে সামরিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্রের আর ‘১ পয়সাও’ খরচ করা উচিত নয়। তিনি প্রতিনিধি পরিষদে একটি বিলের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা প্রতি বছর ইসরায়েলকে দেয়া ৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের প্রস্তাব করে।
তালিব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, 'ফিলিস্তিনে গণহত্যা, লেবাননে জাতিগত নির্মূল অভিযান এবং ইরানে যুদ্ধাপরাধ চালানো একটি সেনাবাহিনীকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের আর একটি পয়সাও ব্যয় করা উচিত নয়।'
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক এবং ডেমোক্র্যাট ভোটারদের বড় অংশই ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধের পক্ষে। জনগণের এই অবস্থান কংগ্রেস সদস্যদের প্রতিফলিত করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিলটির পক্ষে তালিব ছাড়াও ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, গ্রেগ কাসার এবং ইলহান ওমর ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিলটি উত্থাপন করেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি, যিনি বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে আসছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে এই বিলটি পাস হওয়ার সম্ভাবনা কম।