বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ঘানা ও আইভরি কোস্টে বন্যা-ভূমিধসে ৩০ জনের মৃত্যু

ঘানা ও আইভরি কোস্টে বন্যা ও ভূমিধসে ৩০ জন নিহত, উদ্ধার অভিযান চলছে।

ঘানা ও আইভরি কোস্টে বন্যা-ভূমিধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ ঘানা ও আইভরি কোস্টে টানা কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এএফপির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। ঘানার জাতীয় ফায়ার সার্ভিসের মুখপাত্র অ্যালেক্স কিং নার্টে জানিয়েছেন, রাজধানী আক্রায় সোমবার শুরু হওয়া ভারী বৃষ্টির পর মঙ্গলবার পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

আক্রার বহু বাড়িঘর, সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালিয়ে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। গ্রেটার আক্রা অঞ্চলের ফায়ার সার্ভিসের কমান্ডার রশিদ কওয়ামে নিসাউ জানান, মঙ্গলবার পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

ঘানার প্রেসিডেন্ট জন মাহামা এই চরম আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, আইভরি কোস্টে শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে। যদিও সেখানে আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশিত হয়নি, তবে দমকল বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সেখানে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন