আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিতভাবে প্রদান করা হবে। একইসাথে, দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রয়োজনীয় ছিল। তিনি উল্লেখ করেন, শিক্ষক না থাকায় এসব পদে নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করেছে, যা প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে একটি। তবে, বাজেটে প্রয়োজনীয় অর্থ না থাকায় মাদরাসা শিক্ষকদের দুই মাসের বেতন দেওয়া সম্ভব হয়নি।
শিক্ষামন্ত্রী জানান, সরকার গঠনের পর দেখা গেছে ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু সেটিও বাজেটে নেই। তবে জুলাই মাস থেকে বকেয়া বেতনসহ নিয়মিত বেতন প্রদান করা হবে।
এসময় তিনি বলেন, ইসলামী শিক্ষায় যারা পড়াশোনা করছেন তাদের দল মতের উর্ধ্বে উঠে জীবনযাপন করতে হবে। এছাড়া, সংসদে জামায়াতে ইসলাম নিয়ে আলোচনার বিষয়ে শিক্ষার্থীদের মূল ইসলামের পথে থাকার আহবান জানান তিনি।