শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন অভিযোগ করেছেন যে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয়ের কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতা তহবিল থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
মন্ত্রী শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি জানান, এর ফলে ২০২২ সালের পর প্রায় ৬৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের প্রাপ্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
মন্ত্রী জানান, চলতি বছরের জুলাই মাসের শেষ দিক থেকে বঞ্চিত শিক্ষকদের ন্যূনতম ১ লাখ টাকা করে প্রদান শুরু হবে এবং পর্যায়ক্রমে সব বকেয়া পরিশোধ করা হবে।
শিক্ষাখাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে শিক্ষাখাতে বরাদ্দ দেশের জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বর্তমানে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ হারে প্রদত্ত উৎসব ভাতা ধাপে ধাপে ১০০%-এ উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।