জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। শনিবার (১৩ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "নাঈম সাহেবের কাছ থেকে আমি নিজে ডিটেইল শুনেছি। কাল রাতে শোনার পরই ব্যবস্থা নিতে বলেছি।"
কমিশনার জানান, এ ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, "এই পর্যন্ত দুজনকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। একজন এসআই শফিকুল ইসলাম এবং অপরজন কনস্টেবল রাসেল।"
শওকত আলী বলেন, "সাময়িক বরখাস্তের পাশাপাশি এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ সবসময় প্রফেশনাল কাজ করতে চায়। কেউ যদি আনপ্রফেশনাল হয় তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি অব্যাহতভাবে জানান, "এই ঘটনায় যারা জড়িত, কাউকে ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"