ওমান উপকূলে ইরানসংশ্লিষ্ট একটি তেলের ট্যাংকারে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত।
আজ শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা হয়েছে। উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ভারতের পক্ষ থেকে আমাদের তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করেছি।’
তিনি আরও বলেন, ‘বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর এ ধরনের প্রাণঘাতী হামলা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়।’
গত বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে জানানো হয়, ওমান উপকূলে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এর আগে তিন নাবিক নিখোঁজ থাকার কথা জানানো হয়েছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, এ হামলা ইরানভিত্তিক জাহাজে ওয়াশিংটনের অবরোধের অংশ হিসেবে চালানো হয়। গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের এ নৌ অবরোধ শুরু হওয়ার পর এটি প্রথম হত্যার ঘটনা।
এ অবরোধের পর থেকে মার্কিন বাহিনী আটটি জাহাজ বিকল করেছে এবং ১০০টিরও বেশি জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে।