ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি জানিয়েছেন, রাজধানী দিল্লিতে চলমান প্রতিবাদ পুলিশ দিয়ে হয়রানি কিংবা গণগ্রেফতার করেও থামানো যাবে না। তিনি বলেন, বিজেপিকে চাপে ফেলার জন্য যথেষ্ট তথ্য তার কাছে রয়েছে।
১০ অক্টোবর, শনিবার, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওবার্তায় তিনি এই আহ্বান জানান। রাহুল গান্ধি বলেন, 'মোদিজি, আপনি যত খুশি পুলিশ ডাকুন। ১০ হাজার, ২০ হাজার, এমনকি ৫০ হাজার পুলিশ ডেকে আমাদের গ্রেফতার করুন। তবু আমরা পিছু হটব না। বরং আপনাদের ঘিরে ধরব।'
তিনি আরও বলেন, 'আমি এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি এবং আরএসএসের বিরুদ্ধে লড়াই করে আসছি। এই লোকগুলোর মূল বৈশিষ্ট্য হলো কাপুরুষতা।'
নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবতসহ অন্যান্য নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা ধীরে ধীরে দেখছেন যে আপনার চারপাশের জায়গা ছোট হয়ে আসছে। আমরা সেই জায়গা ছোট করে আনছি।'
রাহুল গান্ধি যুবকদের প্রতি অনুরোধ করেন, 'প্রতিবাদ চালিয়ে যান। আমরা আপনার সাথে আছি। আমরা নিশ্চিত করব যে এই সরকার এবং আমাদের সংবিধানে আক্রমণকারী ব্যক্তিরা পরাজিত হবে।'