সরকার সচল কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল যুক্ত করার পরিকল্পনা করছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শনিবার (২৭ জুন) বিকেলে বিজিএমইএর 'ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট' প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের ডকিং-আনডকিং দ্রুত করতে ডেনিশ কোম্পানির পাশাপাশি আরও বিদেশি অপারেটর যুক্ত হচ্ছে। এর মাধ্যমে পরিবহন খরচ কমিয়ে শতভাগ উৎপাদন ক্ষমতা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, ব্যবসার সহজীকরণের লক্ষ্যে কোম্পানি নিবন্ধনের ১৪ দিনের মধ্যে আইআরসি ও এলসি খোলার সুবিধা প্রদান করা হবে।
এছাড়া, ছয়টি আলাদা সংস্থার হয়রানিমূলক পরিদর্শনের পরিবর্তে 'অনলাইন ওয়ান উইন্ডো' এবং 'সমন্বিত পরিদর্শন' ব্যবস্থা চালু করা হচ্ছে।
মন্ত্রী উল্লেখ করেন, রফতানির ৮৫ শতাংশ আয় করা তৈরি পোশাক খাতের ধারেকাছে অন্য কোনো খাত নেই, তবে বৈচিত্র্য বাড়াতে চামড়া, পাট ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে জোর দেওয়া হচ্ছে।