বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানালো দোকান মালিক সমিতি

দোকান মালিক সমিতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে।

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানালো দোকান মালিক সমিতি

বাংলাদেশ দোকান মালিক সমিতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে। শনিবার রাজধানীর মগবাজারে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়।

সংগঠনের নেতারা জানান, এবারের বাজেটে রাজস্ব আদায় বাড়াতে মুদি দোকান, প্রসাধন সামগ্রীর দোকানসহ ১৬টি খুচরা ও সেবামূলক খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তবে তারা প্রশ্ন তোলেন, অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা কীভাবে ভোক্তাদের কাছ থেকে ভ্যাট আদায় করবেন তা স্পষ্ট নয়।

নেতাদের দাবি, দেশে বর্তমানে ৮ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে লার্জ ট্যাক্সপেয়ার্স ইউনিটের (এলটিইউ) মাত্র ১০৯টি প্রতিষ্ঠান থেকে মোট ভ্যাটের ৬০ শতাংশ আসে। বৃহৎ ৫০০টি প্রতিষ্ঠান মোট ভ্যাটের ৯৮ শতাংশ প্রদান করে, আর বাকি লাখ লাখ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর অবদান মাত্র ২ শতাংশ।

ব্যবসায়ী নেতারা বলেন, এ বাস্তবতা বিবেচনায় রাজস্ব প্রশাসনের প্রধান মনোযোগ বড় করদাতাদের ওপর হওয়া উচিত। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, দেশে প্রকৃত ভ্যাটদাতার সংখ্যা বাড়াতে খুচরা পর্যায়ে হয়রানি বন্ধ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে দ্রুত অটোমেশন (স্বয়ংক্রিয় পদ্ধতি) চালু করা হোক এবং এনবিআরকে খুচরা ও প্রান্তিক ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি না করে বড় খাতগুলো থেকে এবং উৎস পর্যায়ে ভ্যাট আদায়ের দাবি জানান।

বিজ্ঞাপন