জন্মের পরপরই নবজাতককে মায়ের শালদুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, শালদুধ শিশুর জন্য সবচেয়ে বড় ভিটামিন এ-এর প্রাকৃতিক উৎস।
রোববার (২৮ জুন) রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়াতে হবে।
এছাড়া, বয়স অনুযায়ী পুষ্টিকর সম্পূরক খাবারের পাশাপাশি নিয়মিত মায়ের দুধ খাওয়ানো অব্যাহত রাখতে হবে। তিনি জানান, শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে পানি, মধু, চিনি বা অন্যান্য সুষম খাবারও খাওয়াতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের টিকার মান অত্যন্ত ভালো। এ বিষয়ে ইউনিসেফের সঙ্গে একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পর উন্নতমানের টিকা সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, এই কার্যক্রম সারাদেশ ব্যাপী একযোগে চলবে এবং কেউ দ্বিতীয় দিনে টিকা নিতে না পারলে তৃতীয় দিনে, তৃতীয় দিন মিস করলে চতুর্থ দিনে টিকা খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।
মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ২ কোটি ৬০ লাখ ক্যাপসুল মজুত রয়েছে, যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ৩৫ লাখ ৪ হাজার ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ২ কোটি ২০ লাখ ৩১ হাজার ক্যাপসুল দেওয়া হচ্ছে।
আজকের ক্যাম্পেইনে সব মিলিয়ে ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।